কুষ্টিয়ায় সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগী চিকিত্সায় আইসোলেশন ওয়ার্ড ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার প্রস্তুত করা হলেও নেই কোনো ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। ফলে আইসিইউ সাপোর্টের অভাবে জেলায় করোনা ভাইরাস প্রাদুর্ভাব ঘটলে কিংবা আক্রান্ত ক্রিটিক্যাল রোগীর চিকিত্সা ও জীবন রক্ষা কার্যক্রম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় সচেতন মহল।
খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়া জেলায় সরকারি ব্যবস্থাপনায় রোগী ভর্তি রেখে আউটডোর ও ইনডোরভিত্তিক চিকিত্সা সেবায় ২৫০ শষ্যাবিশিষ্ট সরকারি কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুম সূত্র জানায়, করোনা সংক্রমণ রোগী চিকিত্সায় বর্তমানে জেলায় আইসোলেশনে ৬৫টি বেড সম্পূর্ণরূপে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া আরো ৩৫০টি বেড ব্যবহার উপযোগী করা হচ্ছে। তবে জেলায় সরকারি হাসপাতালগুলোর কোথাও নেই ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। সাধারণত ক্রিটিক্যাল কিংবা মুমূর্ষু রোগীকে আইসিইউ সাপোর্টের মাধ্যমে রোগীর ওপর সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রেখে চিকিত্সা দেওয়া হয়। কিন্তু এখানকার সরকারি হাসপাতালগুলোর একটিতেও আইসিইউ না থাকায় করোনা ভাইরাসের ক্রমাগত বিস্তারসহ এই ভাইরাসে আক্রান্ত ক্রিটিক্যাল রোগীর জীবন রক্ষা হুমকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ২০০৯ সালে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ অস্থায়ী ক্যাম্পাসে চালু হয়। তবে অবকাঠামোর অভাবে এখনো মূল ক্যাম্পাসে ফিরতে না পারায় নানা সংকটে এ মেডিক্যাল কলেজটি চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
এদিকে করোনা আতঙ্কে কুষ্টিয়া ২৫০ শষ্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ফাঁকা হয়ে গেছে। করোনা সংক্রমণের ভয়ে পূর্বে ভর্তিকৃত রোগীদের অধিকাংশ হাসপাতাল ছেড়ে বাড়িতে চিকিত্সা গ্রহণ করছেন।
কুষ্টিয়া মেডিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ অধ্যাপক ডা. ইফতেখার মাহমুদ জানান, করোনায় আক্রান্তদের মধ্যে যারা বয়স্ক এবং যাদের ডায়াবেটিস, কিডনি রোগ, ক্যান্সারসহ অন্য রোগ রয়েছে তারা বেশি ঝুঁকিপূর্ণ। হাসপাতালে আইসিইউ থাকলে বয়স্ক ও ক্রিটিক্যাল রোগীদের ঝুঁকি হ্রাসে সাপোর্ট দেওয়া সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন মো. আনোয়ারুল ইসলাম জানান, করোনা সংক্রমণ রোধ ও রোগী চিকিত্সায় জেলা-উপজেলা পর্যায়ে আইসোলেশন ওয়ার্ডে আপাতত ৬৫টি বেড প্রস্তুত রাখা হয়েছে। আরো প্রায় সাড়ে ৩০০টি বেড প্রস্তুত করা হচ্ছে বলেও তিনি জানান।