বাগেরহাটে প্রত্যন্ত অঞ্চলে জনসমাগম!

করোনা ভাইরাসের বিস্তার রোধে শনিবার তৃতীয় দিনের মতো শহরগুলোর সব দোকানপাট বন্ধ রয়েছে। লোকজন ঘর থেকে বের না হওয়ায় রাস্তাঘাট জনশূন্য রয়েছে। বাগেরহাট শহরসহ উপজেলা সদরে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের কড়া নজরদারির মধ্যে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। বাগেরহাটের জেলা সদরসহ উপজেলাগুলোতে সবধরনের দোকানপাট বন্ধ রয়েছে। শুধু খোলা রয়েছে ওষুধ, জ্বালানি, মুদি, তরকারি ও মাছের দোকান। এসব দোকানে দড়ি বা ফিতা দিয়ে সামাজিক নিরাপত্তা দূরত্ব তৈরি করা হয়েছে। মাস্ক ছাড়া লোকজন তেমন একটা বের হচ্ছেন না। তবে, এর উলটো চিত্র হচ্ছে গ্রামীণ জনপদে। সেখানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ছোটো-ছোটো বাজার, মোড়ে-মোড়ে চায়ের দোকানগুলোতে মনুষের জটলা লেগেই রয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় জানান, জেলা ও উপজেলা শহরগুলোতে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশের কড়া নজরদারির মধ্যে ঘরে রাখা সম্ভব হয়েছে। কিছু কিছু গ্রামীণ জনপদে লোকজন এখনো বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন বলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ সেখানে অভিযান চালাচ্ছে। কান্দাপাড়া বাজারসহ বেশ কয়েটি গ্রামীণ জনপদ থেকে লোকজনকে বাড়িতে পাঠিয়েছি।