করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে চট্টগ্রামের লোহাগাড়ায় হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৪৫০ জন। এরা সবাই বিদেশফেরত। এসব বিদেশফেরত প্রবাসীর বাড়িতে উড়ছে লাল পতাকা। উপজেলার ৯ ইউনিয়নের স্ব-স্ব এলাকার ইউপি চেয়ারম্যানরা প্রশাসনের নির্দেশে বিদেশ থেকে আগত ব্যক্তির বাড়িতে লাল পতাকা টাঙিয়ে দেয়।
বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মো. জুনাইদ জানান, বড়হাতিয়া এলাকায় ৩৬টি প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে। পুটিবিলা ইউপির প্যানেল চেয়ারম্যান সুজিত বড়ুয়া কাজল জানান, তার এলাকায় ২৩টি প্রবাসীর বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, লোহাগাড়া উপজেলায় শনিবার পর্যন্ত ৪৫০ জন হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি ও পরিবারবর্গকে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ জানিয়েছেন, শনিবার পর্যন্ত ৪৫০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছে। তাদের বাড়িগুলো লাল পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে।