৩০ ঘণ্টা পর বাড়ি ফিরলেন খুমেকের সেই নার্স ও স্বাস্থ্যকর্মীরা

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা সেই ১৬ জন নার্স ও স্বাস্থ্যকর্মী বাড়ি ফিরেছেন। প্রায় ৩০ ঘণ্টা পর শুক্রবার রাতে তাদের বাড়িতে যেতে দেওয়া হয়। এর আগে জ্বর ও শ্বাসকষ্টে মারা যাওয়া রোগী মোস্তাহিদুর রহমান রুবেল (৪৫) করোনা আক্রান্ত হতে পারে এই আশঙ্কায় গত বৃহস্পতিবার দুপুর থেকে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ঐ রোগীর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় তারা মুক্ত হন। ঐ স্বাস্থ্য কর্মীরা রুবেলের চিকিত্সা সেবায় নিয়োজিত ছিলেন। খুমেক হাসপাতালের আবাসিক চিকিত্সক (মেডিসিন) ও করোনা ম্যানেজমেন্টের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ঐ নার্স ও স্বাস্থ্যকর্মীরা এখন থেকে তাদের বাড়িতে দুই সপ্তাহ সতর্কতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকবেন।