করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশকে ৩ লাখ ডলার (২ কোটি ৫৫ লাখ টাকা) অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার এডিবির বোর্ড সভায় এর অনুমোদন দেওয়া হয়েছে। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অনুদানের মধ্যমে ব্যক্তি সুরক্ষা সরঞ্জাম, এন৯৫ মাস্ক, এপ্রোন, নিরাপত্তা চশমা, থার্মোমিটার, বায়োহ্যাজার্ড ব্যাগ ইত্যাদি দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরকে অগ্রাধিকার ভিত্তিতে এই নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হবে। এ বিষয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ উল্লেখ করেছেন, কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশকে সহায়তা দিতে এডিবি প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ, করোনা মোকাবিলায় সদস্য দেশগুলোর জন্য গত ১৮ মার্চ সাড়ে ৬ বিলিয়ন ডলারের তহবিলের ঘোষণা দেয় এডিবি।