জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমাদের শতবর্ষের ইতিহাসে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহতম মানবিক বিপর্যয়ের ঘটনা। দলমত নির্বিশেষে এই মুহূর্তে সবারই সরকারের পাশে থাকা উচিত। সংক্রমণ প্রতিরোধে জাপাও সরকারকে সহযোগিতা করবে। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। দেশের দরিদ্র, অসহায় মানুষের জন্য প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
জি এম কাদের বলেন, জনগণের প্রতিও আহ্বান—আপনারা এখন সব ধরনের সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে অবস্থান করুন। ভিত না হয়ে শুধু সচেতনতার মাধ্যমেই আমরা এই বিপর্যয় থেকে রক্ষা পেতে পারি। জাপা চেয়ারম্যান সামর্থ্য অনুযায়ী নিজ নিজ এলাকার দুস্থ ও অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করার অনুরোধ জানান দলীয় নেতাকর্মীদের।