মাদক কেনার টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা খুন

যাত্রাবাড়ীতে নিজের ছেলের ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। নিহতের নাম সুরাইয়া বেগম। শুক্রবার রাতে যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ চৌরাস্তা সংলগ্ন ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। প্রতিবেশী সাইদুর ঐ নারীকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। এদিকে রাতে নিহত সুরাইয়ার ছেলে সজীব হাওলাদার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে পুলিশ জরুরি বিভাগ থেকে তাকে আটক করে।

প্রতিবেশী সাইদুর জানান, সুরাইয়ার ছেলে সজীব হাওলাদার বখাটে এবং মাদকাসক্ত। শুক্রবার রাতে সুরাইয়ার সঙ্গে ছেলে সজীবের পারিবারিক বিষয় নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সজীব তার মা সুরাইয়ার পেটে ছুরিকাঘাত করে।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মাদকের টাকা না দেওয়ায় তার মাকে সজিব ছুরিকাঘাত করে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।