২৮ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী দেবে ডিএনসিসি

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় বসবাসকারী অসহায়, ছিন্নমূল ও দুস্থ ২৮ হাজার ৮০০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। গতকাল শনিবার করোনা ভাইরাস মোকাবিলায় ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএনসিসি জানায়, করপোরেশন এলাকায় বসবাসকারী অসহায়, ছিন্নমূল ও দুস্থ প্রতি পরিবারকে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আলু এবং এক লিটার তেল বিতরণ করা হবে। এতে প্রতি পরিবারের পেছনে খরচ হবে ৬০০ টাকা। আর ২৮ হাজার ৮০০ পরিবারের পেছনে করপোরেশনের খরচ হচ্ছে ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার টাকা। উত্তর সিটির ৫৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। এক্ষেত্রে প্রতি জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ৫০০ পরিবারের মধ্যে এবং সংরক্ষিত আসনের কাউন্সিলররা ১০০ পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করবেন।