বিএনপি নেতা সানাউল্লাহ মিয়ার জানাজা অনুষ্ঠিত

বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও বেগম খালেদা জিয়ার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়ার জানাজা গতকাল শনিবার বাদ জোহর তার নিজ বাড়ি শিবপুরের কারারচরের স্থানীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিবপুরের এমপি জহিরুল হক ভূঞা মোহন, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি খায়রুল কবীর খোকন, নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, শিবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ হারুনুর রশীদ খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ প্রমুখ। ১৯৭৯ সালে ঢাকা সিটি কলেজে ল’ পড়ার সময়ে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮৩ সালে ঢাকা মহানগর বিএনপির সদস্য। ১৯৯৩ সালে মহানগরের আইনবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ফিন্যান্স কমিটির চেয়ারম্যান, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।