নলছিটিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নলছিটিতে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাসেল খান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার কুশঙ্গল ইউনিয়ন পরিষদের প্রাক্তন মেম্বার মো. মাহাবুব হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। উপজেলার ঝামুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঝামুড়া গ্রামের মো. জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রীর সঙ্গে তার ব্যবসায়িক পার্টনার রাসেল খানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। প্রায় পাঁচ মাস আগে জাহাঙ্গীর হোসেনকে তার স্ত্রী চেতনানাশক ওষুধ খাবারের সঙ্গে মিশিয়ে খেতে দেন। এতে তিনি অজ্ঞান হয়ে পড়ে থাকেন। এ সুযোগে স্ত্রী তার পরকীয়া প্রেমিক রাসেলের সঙ্গে ঘরের মালামাল, নগদ ৩ লাখ টাকা ও স্বর্ণাঙ্কার নিয়ে দুই সন্তান রেখে পালিয়ে যান। রাসেল প্রায় পাঁচ মাস বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে আটকে রেখে ধর্ষণ করে। এদিকে জাহাঙ্গীর তার স্ত্রীকে খুঁজে না পেয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. সাখাওয়াত হোসেনকে বিষয়টি জানান। তিনি কৌশলে স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. মাহাবুব হোসেনের মধ্যস্থতায় ভিকটিমকে উদ্ধার করে। এ নিয়ে কয়েক দফা শালিস বৈঠক হয়। শালিসে ভিকটিম রাসেল খান কর্তৃক নির্যাতনের কাহিনী তুলে ধরেন। পরবর্তীতে ভিকটিম ঝালকাঠি ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষণের অভিযোগে মামলা করে।

মামলা তদন্তকারী কর্মকর্তা মো. আশরাফ হোসেন জানান, অভিযুক্ত রাসেলকে এজাহারের ২ নম্বর আসামি কুশঙ্গল ইউনিয়ন পরিষদের প্রাক্তন মেম্বার মো. মাহাবুব হোসেনের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।