স্বাধীনবাংলা ফুটবল দলকে সম্মাননা

স্বাধীনবাংলা ফুটবল দলকে সম্মাননা দিয়েছে বাফুফে। গতকাল দুপুরে বাফুফের কনফারেন্স হলে খেলোয়াড়দের হাতে তুলে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের পক্ষ হতে প্রত্যেক সদস্যদের ব্লেজার দেওয়া হয় এবং তমা গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানের কর্ণধার আতাউর রহমান মানিক ১০ হাজার টাকা করে দেন। ৩৬ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ৯ জন। স্বাধীনবাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু, প্রতাপ শংকর হাজরা ছিলেন না অনুষ্ঠানে।

স্বাধীনবাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার ইসলাম তান্না জানিয়েছেন অনেকেই আসেননি অসুস্থতার কারণে, নানা সমস্যার কারণে। কেউ মারা গেছেন। আবার কেউ তার সন্তানকে পাঠিয়েছেন। উপস্থিত ছিলেন সাইদুর রহমান প্যাটেল, শেখ আশরাফ আলী, কাজী মোঃ সালাহউদ্দিন, সুভাস চন্দ্র সাহা, আব্দুল হাকিম, তসলিম উদ্দিন শেখ, আব্দুস সাত্তার, মোজাম্মেল হক, বীরেন দাস বীরু এবং সংগঠক মঈন সিনহা, বদিউজ্জামান (খসরু) ও আবুল কাশেমকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জায়গা না পেয়ে অভিমানে চলে গিয়েছিলেন শেখ আশরাফ আলী। জাকারিয়া পিন্টু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি আমন্ত্রণ পাননি। আর স্বাধীনবাংলা ফুটবল দলের প্রস্তাবক ও সংগঠক সাইদুর রহমান প্যাটেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন উনাকে (জাকারিয়া পিন্টু) ফোন দেওয়া হয়েছে। যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি সাড়া দেননি। 

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনবাংলা ফুটবল দল ভারতের বিভিন্ন স্থানে ফুটবল ম্যাচ খেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন যোগান।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি বাফুফের সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর, অমিত খান শুভ্র, আব্দুর রহিম, মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।

সাইদুর রহমান প্যাটেল জানিয়েছেন যারা খেলেছে শুধু তারাই নয় এই দলটা গঠনের পাশে যাদের অবদান রয়েছে যারা কর্মকর্তা হয়ে কাজ করেছেন তাদের নামও তালিকায় প্রকাশ হওয়া উচিত।