আক্রান্তের সাড়ে ছয় লাখের বেশি

ভয়াবহ করোনা ভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা সাড়ে ছয় লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ৩০ হাজারের বেশি মানুষ। কেবল যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন এক লাখের বেশি মানুষ। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস করোনা মোকাবিলায় পুরো যুক্তরাষ্ট্রকে শাটডাউন করার আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প নিউ ইয়র্ককে কোয়ারেন্টইন করার চিন্তার করছেন বলে জানিয়েছেন। স্পেনে ২৪ ঘন্টায় ৮৩২ জনের মৃত্যু হয়েছে। আর ইতালিতে একদিনে ৮৮৯ জন মারা যাওয়ায় মৃত্যুর সংখ্যা দশ হাজার অতিক্রম করেছে। সিঙ্গাপুরেও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

গতকাল পর্যন্ত বিশ্বে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫০ হাজার ৭২৬ জন। মারা গেছেন ৩০ হাজার ২৯৯ জন। একদিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৫৪ হাজার ৪১৪ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৩২৬ জন। দেশটিতে মারা গেছেন ১ হাজার ৯৪৩ জন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রকে পুরোপুরি শাটডাউন করতে হবে। এপ্রিলে দেশটিতে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নিউ ইয়র্কের পুরোাটা, নিউ জার্সি ও কানেকটিকাটের একাশং কোয়ারেন্টাইন করার চিন্তা করছেন। কারণ সেখানে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। নিউ ইয়র্কে ৫২ হাজার আক্রান্ত এবং ৭২৮ জন মারা গেছেন। নিউ ইয়র্কের গভর্ণর অ্যান্ড্রিউ কুমো জানিয়েছেন, প্রেসিডেন্টের সঙ্গে তার এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তারা বন্ধু দেশগুলোকে ভেন্টিলেটরের জোগান দেবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও তার কাছে ভেন্টিলেটর চেয়েছেন বলে দাবি করেন তিনি।

শ্রীলঙ্কা ও কাতারে প্রথম একজনের মৃত্যু হয়েছে। ভারতে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা ৯৩৩ জনে দাঁড়িয়েছে। কেবল শনিবার আক্রান্ত হয়েছেন ৮৬ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। তবে সুস্থ হয়ে উঠেছেন ৭৯ জন। পশ্চিমবঙ্গে নতুন ২ জন আক্রান্ত হওয়ায় ১৭ জনে পৌঁছেছে। ভারতের বিনিয়োগ সংস্থা জানিয়েছে, দেশটিতে ৩৮ মিলিয়ন মাস্ক এবং ৬ দশমিক ২ মিলিয়ন পিপিই দরকার। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনাভাইরাস সংক্রমণ আসলে কত ব্যাপকভাবে ছড়িয়েছে তা বোঝা সম্ভব হচ্ছে না। কারণ দেশটিতে সম্ভাব্য আক্রান্তদের নমুনা পরীক্ষা হচ্ছে খুবই কম পরিমাণে। দেশটিতে ২১ দিনের লকডাউন চলছে। তাই শ্রমিকরা হেঁটে বাড়ি ফিরছেন। মুম্বাই থেকে হেঁটে রাজস্থানের বাড়িতে পৌঁছাতে চেয়েছিলেন কয়েকজন শ্রমিক। কিন্তু তা আর হয়নি। বরং রাতের অন্ধকারে ট্রাকের নীচে চাপা পড়ে প্রাণ হারান চার শ্রমিক।

সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল নতুন করে ৭০ জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৮৭০ জনে দাঁড়িয়েছে। রাশিয়া ৩০ মার্চ থেকে সীমান্ত বন্ধ করার ঘোষণার দিয়েছে। পাকিস্তান সরকার আরো দুই সপ্তাহ তার সীমান্ত সিল রাখার সিদ্ধান্ত নিয়েছে। স্পেনে সর্বশেষ একদিনে ৮৩২ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ জনে। কোভিড-১৯ এর শিকার হয়ে প্রাণ হারিয়েছেন স্প্যানিশ রাজকন্যা মারিয়া টেরেসা। ৮৬ বছর বয়সী টেরেসা বোরবন পার্মার মৃত্যুর খবর ঘোষণা করেছেন তার ভাই প্রিন্স সিক্সটাস হেনরি। তিনি ফরাসি বংশোদ্ভুত। ব্রিটেনে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ২৬০ জন বেড়ে ১ হাজার ১৯ জনে পৌঁছায়। এর আগে ইতালিতে একদিনে ৮৮৯ জন মারা যায়। ফলে দেশটিতে মৃত্যুর সংখ্যা দশ হাজার ২৩ জনে দাঁড়িয়েছে।

তিন ধর্মের মিলিত প্রার্থনা

মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের হাত থেকে সমগ্র মানবজাতিকে রক্ষায় একসঙ্গে প্রার্থনায় বসেছিলেন ইসলাম, খ্রিস্টান ও ইহুদি ধর্মের নেতারা। তিন ধর্মাবলম্বীদের কাছেই পবিত্র শহর হিসেবে বিবেচিত জেরুজালেমে বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে এ মিলিত প্রার্থনা হয় বলে জানিয়েছে ভ্যাটিকান নিউজ। জেরুজালেমের সিটি হলে হওয়া এ যৌথ প্রার্থনায় তিন ধর্মের নেতারা ছাড়াও দ্রুজ ও বাহাইদের প্রতিনিধিরাও যোগ দিয়েছিলেন। সূত্র : ওয়ার্ল্ডোমিটারস, আল-জাজিরা ও সিএনএন