চার খেলায় তৃতীয় পরাজয়ের পর শিরোপা রক্ষার দুশ্চিন্তায় কুঁকড়ে যেতে পারে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। অন্তত দলটির কোচ পেপ গার্দিওলা সেরকমই মনে করেন। আবার উড়তে থাকা লিভারপুল গত বুধবার রাতে জিতে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে সাত পয়েন্টের ব্যবধান গড়ার পরও এখনই শিরোপা স্বপ্নে বিভোর হতে চান না।
ম্যানচেস্টার সিটির সর্বশেষ ২-১ গোলের হারটি ছিল লেস্টার সিটির মাঠে। কোচ য়ুর্গেন ক্লপের লিভারপুল নিজ মাঠে ৪-০ গোলে হারায় নিউক্যাসলকে। দ্বিতীয় স্থানে উঠে আসা টটেনহ্যাম হটস্পারের ৫-০ গোলের জয়টি ছিল বোর্নমাউথের বিরুদ্ধে।
এদিকে লিগের অন্য খেলাগুলোয় ম্যানচেস্টার ইউনাইটেড নিজ মাঠে ৩-১ গোলে জিতে নতুন কোচ ওলে গুনে সোলসারের অধীনে জয় অব্যাহত রেখেছে। তবে ব্রাইটনের মাঠে ১-১ ড্রয়ে বাধ্য হয়েছে আর্সেনাল।
গার্দিওলার দল এর আগে চলতি মাসেই চেলসি ও ক্রিস্টাল প্যালেসের কাছেও পরাজিত হয়েছিল। গত মৌসুমে ১৯ খেলার পর সিটি নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চাইতে ১৩ পয়েন্টে এগিয়ে ছিল। এবার হয়েছে উল্টো, শীর্ষে থাকা লিভারপুলের চাইতে সাত পয়েন্টে পিছিয়ে তৃতীয় স্থানে। সার্বিক পরিস্থিতিতে সিটি কোচ স্কাই স্পোর্টসকে বলেন, ‘এখন সংশয় দেখা দিবে এবং আপনার করণীয় হলো জয়ে ফেরা এবং ভালো নৈপুণ্য দেখানো। আমি ভুলে যাচ্ছি না আমরা কে, আমরা কতটা ভালো, সাজঘরে এই ছেলেরা কতটা ভালো।’ স্প্যানিশ এই কোচ আরও বলেন, ‘বাস্তবতা হলো আমরা চারটার মধ্যে তিনটাতেই হেরেছি। এর মধ্যে আছে শেষ দুটি। এখন আপনাকে সত্যিকারের প্রতিদ্বন্দ্বী হতে চাইলে আবার জয়ে ফিরতে হবে।’
তিনি এও জানান যে লিভারপুল ও টটেনহ্যাম ঠিক সময়েই শীর্ষে উঠে এসেছে। অপরদিকে তার দল বর্তমান বাজে দশার কারণে পিছিয়ে আছে। গার্দিওলা বলেন, ‘বাস্তবতা হলো আমাদের চাইতে ভালো দল হলো দুই কিংবা তিনটি। আমরা লিভারপুলকে ছাড়িয়ে যেতে কিংবা ধরতে পারব কিনা অথবা অন্য কিছু নিয়ে কথা বলছি না। সমস্যাটা হলো আরেকটা খেলায় জেতা এবং নিজেরা কিভাবে উন্নতি করতে পারব, সে নিয়ে ভাবা।’
লিভারপুল আরও একটি খেলায় জিতে শীর্ষে তাদের অবস্থান সংহত করলেও কোচ ক্লপ এখনো মনে করছেন প্রিমিয়ার লিগের লড়াই শেষ পর্যন্ত যাবে।
ক্লপ বলেন, ‘খেলা শেষ না হওয়া পর্যন্ত আমাদের ম্যানচেস্টার সিটির ফল সম্পর্কে জানা ছিল না। আমরা সহসাই সিটির সঙ্গে খেলব। আমি তাদের জায়গায় হলে ব্যবধানকে চার পয়েন্ট ভাবতাম। কারণ আমাদের এখনো তাদের সঙ্গে খেলতে হবে। তার আগে আমরা খেলব আর্সেনালের সঙ্গে। আমরা ভালোভাবেই এগিয়ে চলেছি। চেলসিও জিতবে, আর্সেনালও জিতবে। কাজেই এটা হবে শেষদিন পর্যন্ত চলা এক লড়াই।’ এক সময়ে ইউরোপের দাপুটে দল লিভারপুল শেষ ১০টি মৌসুমে কেবল একবারই নতুন বছরে শীর্ষে ছিল। সেটি ছিল ২০০৮-০৯ মৌসুম। যদিও সেবার তারা চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের চাইতে চার পয়েন্টে পিছিয়ে লিগ শেষ করেছিল। প্রিমিয়ার লিগ চালু হয় ১৯৯২-৯৩ সালে। এরপর শেষ রাউন্ডে গিয়েই শিরোপার নিষ্পত্তি হয়েছে সাতবার। অপরদিকে চার কিংবা পাঁচ খেলা হাতে রেখেই শিরোপার ফয়সালা হয়েছে পাঁচবার।