উদীয়মান দেশগুলোর দরকার ২ লাখ ৫০ হাজার কোটি ডলার : আইএমএফ

করোনা পরিস্থিতি মোকাবিলায় উদীয়মান দেশগুলোর জন্য কমপক্ষে আড়াই ট্রিলিয়ন ডলার (২ লাখ ৫০ হাজার কোটি ডলার) সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি বলেন, আইএমএফ এর প্রাথমিক হিসাবে এই অর্থ প্রয়োজন। কিন্তু এই অর্থ প্রকৃত বাস্তবতার চেয়েও কম। উদীয়মান দেশগুলোর যে রিজার্ভ এবং অভ্যন্তরীণ সম্পদ রয়েছে তা দিয়ে এই পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট নয়। মহামারির কারণে বিশ্ব অর্থনীতি হঠাত্ করে থমকে গেছে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত কয়েক সপ্তাহে উন্নয়নশীল দেশগুলো ৮ হাজার ৩০০ কোটি ডলারের পুঁজি হারিয়েছে। পুঁজি হারানো ঐ সব দেশের সরকারগুলোর পক্ষে এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে না। দেশগুলোর অনেকের ঘাড়েই আবার বড়ো ঋণের বোঝা রয়েছে। তিনি জানান, আইএমএফ এর সদস্যভুক্ত ৮০টি দেশ জরুরি সহায়তার আবেদন জানিয়েছে।

শুক্রবার অনলাইনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আইএমএফ এর সহায়তার বিষয়ে তিনি উল্লেখ করেন, আমাদের ঋণদান সক্ষমতা দ্বিগুণ করা হয়েছে। সদস্য দেশগুলোকে দ্রুত সহায়তা করতে সংস্থার নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে। ঋণ দান সক্ষমতা ১ ট্রিলিয়ন (১ লাখ কোটি) ডলার করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, অর্থনীতির এই সংকট আগামী বছর অর্থাত্ ২০২১ সালে কেটে যাবে। তবে অর্থনীতির এই সংকটের ফলে অনেক প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। সেই সঙ্গে বহু বেকার হবার ঝুঁকি রয়েছে। তবে জি-২০ ভুক্ত দেশগুলো ৫ ট্রিলিয়ন (৫ লাখ কোটি) ডলার বা বিশ্ব জিডিপির প্রায় ৬ শতাংশ সমপরিমাণ পুনরুদ্ধার কার্যক্রম হাতে নিয়েছে। যুক্তরাষ্ট্র সরকার সম্প্রতি করোনা সংকট মোকাবিলায় দুই ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।