ঢাকা ছেড়েছে এক কোটি মোবাইল ব্যবহারকারী

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পরে ঢাকা ছেড়েছেন ১ কোটি মোবাইল গ্রাহক। মোবাইল ফোন অপারেটরদের তথ্যের ভিত্তিতে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল আহসান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১ কোটি গ্রাহকের মধ্যে বাংলালিংকের ১৬ লাখ, গ্রামীণ ফোনের ৪৬ লাখ, রবির ৩৫ লাখ এবং টেলিটকের ২ লাখ ৫০ হাজার গ্রাহক রয়েছেন।  এত বিপুলসংখ্যক মানুষের মাঝে যদি কেউ করোনা ভাইরাসে আক্রান্ত থাকে তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। মোবাইল গ্রাহকদের সংখ্যা থেকে ধারণা করা হচ্ছে করোনা আতঙ্ক এবং স্বজনদের সঙ্গে ছুটি কাটাতে গ্রামে ফিরেছেন প্রায় ১ কোটি মানুষ। তবে কোনো কোনো গ্রাহকের একাধিক কোম্পানির সিম আছে আবার শিশু-কিশোরসহ অনেক দরিদ্র মানুষের মোবাইল নেই।