সান্তাহারে হাউজিং কলোনিতে দুর্গা মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে গভীর রাতে মন্দিরে ঢুকে ৪টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার গভীর রাতে। সরেজমিনে গিয়ে জানা যায়, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনি এলাকায় অবস্থিত দুর্গা মন্দিরের কালী, শিব, সরস্বতী, লক্ষ্মীর মাথা কে বা কারা ভেঙ্গে ফেলেছে। শনিবার সকালে স্থানীয়রা মন্দিরের প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে বেলা ১১টায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিমা ভাঙচুরের বিষয়টি তদন্ত করে দেখা হবে। এই ঘটনায় ঐ এলাকাসহ আদমদীঘি উপজেলার হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।