বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়লো ৭ দিন

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আগামী ৭ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। গতকাল শনিবার এক বার্তায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ জানান, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা ৩১ মার্চের জায়গায় আগামী ৭ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। তবে কার্গো ফ্লাইট ও স্পেশাল কার্গো ফ্লাইট যথারীতি চলবে। নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হচ্ছে কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, ওমান, সিঙ্গাপুর ও ভারত। এরই মধ্যে চীন ছাড়া অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলো নিজ থেকেই ঢাকার ফ্লাইট বন্ধ করে দিয়েছে। বিশ্ব জুড়ে মহামারির কারণেই বিভিন্ন দেশ ও এয়ারলাইন্স ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে।