করোনা ভাইরাসের কারণে সম্ভাব্য আর্থিক বিপর্যয় ঠেকাতে ২ লাখ কোটি ডলারের (এক ডলার সমান ৮৫ টাকা) প্রণোদনা বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তার সইয়ের ফলে এটি এখন আইনে পরিণত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড়ো আর্থিক প্রণোদনা। ট্রাম্পের সইয়ের কয়েক ঘণ্টা আগে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হয়। এর আগে বুধবার সিনেটে বিলটি ৯৬-০ ভোটে পাশ হয়।
বিলে সইয়ের পর ট্রাম্প বলেন, ঐক্যবদ্ধ হওয়ায় এবং সবার আগে আমেরিকাকে গুরুত্ব দেওয়ায় আমি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয়কে ধন্যবাদ জানাতে চাই। তবে সইয়ের সময় কোনো ডেমোক্র্যাট নেতাদের আমন্ত্রণ জানাননি তিনি।
এই প্রণোদনা প্যাকেজের ১০০ বিলিয়ন ডলার ব্যয় করা হবে হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রসমূহের জরুরি প্রয়োজন মেটাতে। এয়ারলাইন্সসহ বড়ো বড়ো করপোরেশনের জন্য ৫০০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়া হবে। ছোটো ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য সরবরাহ করা হবে ৩৭৭ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া পরিকল্পনা অনুযায়ী পূর্ণ বয়স্ক মার্কিনিদের ১২০০ ডলার সরাসরি প্রদান করা হবে—যাদের বাত্সরিক আয় ৭৫ হাজার ডলার বা এর কম। শিশু প্রতি ৫০০ ডলার অতিরিক্ত দেওয়া হবে। মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মনুচিন জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে চেক সরবরাহ করা হবে। ফক্স বিজনেস নেটওয়ার্ককে তিনি বলেন, মার্কিনিদের এ অর্থ এখনই প্রয়োজন। সাধারণ সময়ের মতো তিন, চার কিংবা ছয় মাস তারা অপেক্ষা করতে পারবে না। যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে বেকারের সংখ্যা ৩৩ লাখ ছাড়িয়ে গেছে।
এদিকে ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট (ডিপিএ) আহ্বান করে জেনারেল মোটরকে সময় নষ্ট না করে মেডিক্যাল ভেন্টিলেটর উত্পাদন করতে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে এই টুইট বার্তায় ট্রাম্প বলেন, জিএম ৪০ হাজার দরকারি ভেন্টিলেটর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এটা দ্রুত করতে হবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ১ লাখ ছাড়িয়ে গেছে।