জুভেন্তাসের ত্রাতা রোনালদো

শিরোপাধারী জুভেন্তাস সিরি আ’তে আবারো হোঁচট খেয়েছে। আটলান্টার মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে ২-২ গোলে ড্র করেছে তারা।

এই ম্যাচে বিশ্রামে থাকার কথা রোনালদোর। কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রি তোরিনোর বিপক্ষে জয়ের পরেই জানিয়েছিলেন সামনের তিন ম্যাচের একটিতে বেঞ্চে থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। ফেব্রুয়ারি-মার্চের দিকে ঠাসবুনোটের সূচিতে তাকে পুরোদমে ফিট পেতেই ছিল এমন সিদ্ধান্ত।

আগের ম্যাচে রোমার বিপক্ষে পুরোটা সময়ে খেলেছিলেন রোনালদো। তাই আটলান্টা ম্যাচের আগের দিন কোচ জানান এই ম্যাচে বিশ্রাম পেতে যাচ্ছেন দলের সবচেয়ে দামি খেলোয়াড়।

সফরকারী জুভেন্তাস ম্যাচের শুরুর দিকেই বেরাত জিমিস্তি আত্মঘাতী গোলে এগিয়ে যায়। কিন্তু এরপর দুভান জাপাতার জোড়া গোলে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫৩ মিনিটে রদ্রিগো বেন্টাঙ্কুর লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দুর্দশা ঘনীভূত হয় জুভেন্তাসের। শেষমেশ উপায়ন্তর না দেখে এই ম্যাচে বিশ্রামে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বারস্থ হন অ্যালেগ্রি। ৬৫ মিনিটে স্যামি খেদিরার বদলি হিসেবে মাঠে নামা রোনালদো কোচের আশার প্রতিদান দিয়েছেন ঠিকই।

৭৮ মিনিটে মিরালেম পিয়ানিকের বাঁকানো ক্রস গিয়ে পড়ে দূরের পোস্টে থাকা মারিও মানজুকিচের কাছে। সেখান থেকে মাথা ছুঁইয়ে ছয় গজের বক্সে থাকা রোনালদোর দিকে বল বাড়ান ক্রোয়াট স্ট্রাইকার। আটলান্টা রক্ষণভাগকে বোকা বানিয়ে দলের সমতাসূচক গোলটি করেন রোনালদো।