করোনা মোকাবেলা: গাইবান্ধা জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন। রোববার জেলা প্রশাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব প্রস্তুতির কথা জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, করোনা ভাইরাসের চিকিৎসায় জেলার প্রস্তুতি হিসেবে ৭টি সরকারি হাসপাতালে মোট ৪৮১টি শয্যা রয়েছে। এর মধ্যে প্রস্তুতকৃত সরকারি শয্যার সংখ্যা ৩৫টি ও বেসরকারি ১৯টি। এ ছাড়া জেলায় মোট ১২৬ জন সরকারি চিকিৎসক ও ১৯ জন বেসরকারি চিকিৎসক রয়েছে। সরকারি নার্স রয়েছে ১৯০ জন এবং বেসরকারি নার্স ১৯ জন। চিকিৎসকদের জন্য ১ হাজার ৩ শত ৭১টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) মজুদ রয়েছে এবং ইতোমধ্যে ২০৬টি বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের জরুরি চিকিৎসায় স্থানান্তরের জন্য ১টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। চিকিৎসা কেন্দ্রে জরুরি বিভাগে আইসোলেসনের ব্যবস্থা রয়েছে।

অপরদিকে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলার সর্বত্র মাইকিং করা হচ্ছে। গণ জমায়েত পরিহার ও সরকারি নির্দেশনা প্রতিপালনসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে জেলায় টহল প্রদান করা হচ্ছে। জেলায় সরকারি সহায়তা হিসেবে ১০০ মেট্রিক টন চাল ও ৭ লাখ বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে ১০০ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা উপজেলা পর্যায়ে উপ-বরাদ্দ প্রদান করা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলায় ৫০০ পরিবারের মধ্যে ৫ মেট্রিক টন চাল ও নগদ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে সুবিধাভোগীদের তালিকা প্রস্তুতের কার্যক্রম শুরু হয়েছে। তালিকা প্রস্তুতের পর প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে প্যাকেট প্রস্তুত করে সরবরাহ করা হবে।

এসব বিষয়ে রবিবার বিকেলে গাইবান্ধার জেলা প্রশাসক মো. আবদুল মতিন বলেন, আমি নিজে অনেক বাড়িতে চাল ডাল পৌঁছে দিচ্ছি এবং এক্ষেত্রেও সামাজিক দূরত্বের বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা সাজিয়েছি আমরা।

ইত্তেফাক/আরএ