বয়স মোটে ১৪। এ বয়সটা ছিল অপার সম্ভাবনা মেলে ধরার, বড়ো স্বপ্ন দেখার-দেখানোর। কিন্তু এ বয়সেই কিনা না-ফেরার দেশে চলে গেলেন অ্যাটলেটিকো মাদ্রিদ বয়সভিত্তিক দলের ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান মিঞ্চোলা!
২০১৩-১৪ মৌসুমে দলটিতে যোগ দেয়া এই ফরোয়ার্ডের মৃত্যু যে করোনা ভাইরাসে হয়নি এ ব্যাপারে নিশ্চিত করলেও মৃত্যুর কোনো কারণ জানাতে পারেনি ক্লাবটি। মিঞ্চোলার মৃত্যুতে শোক প্রকাশ করেন ক্লাবের সভাপতি এনরিকে চেরেজো ও প্রধান নির্বাহী মিগুয়েল আনহেল গিল।
অ্যাটলেটিকো কিশোরের মৃত্যুতে ক্লাবের অধিনায়ক কোকে টুইটারে লিখেছেন, ‘ক্রিশ্চিয়ান মিঞ্চোলাকে বিদায় জানাতে গিয়ে আমার খুব ব্যথা আর রাগ হচ্ছে। জীবন অনেক বেশি অন্যায্য। তুমি এই জার্সিটা পরেছিলে বলে গর্বিত।’ কোচ ডিয়েগো সিমিওনেও একটি টুইটে মিঞ্চোলার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।