দেশের সর্ববৃহত্ সংগীত পরিবারের উদ্যোগ

বাংলাদেশের সবচেয়ে বড় সংগীত পরিবার তারা। যেকোনো উপলক্ষ ছাড়াই এই ফেসবুক আমলে তাদের একসঙ্গে দেখা যায় বিভিন্ন ঘরোয়া গানের আড্ডা আসরে। হয়তো একুশে ফেব্রুয়ারিতে একসঙ্গে সমস্বরে গাইছেন ভাষার গান, ১৬ ডিসেম্বরে বিজয়ের গান। দেশের সর্ববৃহত্ এই সংগীত পরিবারেও স্বাভাবিকভাবেই উদ্বিগ্নতা বর্তমান এই করোনা সঙ্কট নিয়ে। তাই তারা শুধু পরিবারের মানুষরা মিলে কাভার করেছেন খুব সময়োপযোগী একটি গান। সে গানটি হলো মাইকেল জ্যাকশনের বিখ্যাত ট্র্যাক ‘উই আর দ্য ওয়ার্ল্ড’। আর গান গেয়েছেন পরিবারের সদস্যরা। তারা হলেন চিত্রা সুলতানা, সুমন, শওকত আলী ইমন, আলিফ আলাউদ্দিন, কাজী ফয়সাল আহমেদ, পুষ্পিতা, নওরীন, ফারশিদ, ইয়ানি, উর্বানা ও লুবাইনা। যারা স্ব স্ব ক্ষেত্রে সংগীতের সঙ্গে স্বমহিমায় সম্পৃক্ত। কেউ পরিবারের উত্তর প্রজন্ম। সমসাময়িক এই উদ্যোগ নিয়ে কণ্ঠশিল্পী ও উপস্থাপক আলিফ আলাউদ্দিন বলেন, ‘মাইকেল জ্যাকশনের এই গানটি যে একেবারেই এই সময়ের কথাটাই বলে। সেই ভাবনা থেকেই কাভার করা। আমরা তো সারাদিন গানের ভেতরেই থাকি। তাই এই হোম কোয়ারেন্টাইনের সময়টাকে অর্থবহ করে তুলতেই কাভার করার পরিকল্পনা নিয়েছি। আল্লাহ আমাদের সকলকে সঙ্কটমুক্ত রাখুক। সুস্থ হোক গোটা পৃথিবী। এটাই আমাদের প্রার্থনা।’