গলাচিপায় রামনাবাদ চ্যানেলসহ বিভিন্ন নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছে প্রভাবশালী বালু ব্যবসায়ীরা। এতে কৃষিজমি, বসতবাড়ি, হাটবাজারসহ নানা স্থাপনা হুমকির মুখে পড়েছে।
সরেজামিনে দেখা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামের পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া রামনাবাদ নদী থেকে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর তলদেশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বাল্কহেডের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। ভাঙনে দক্ষিণ গোলখালীর প্রায় এক কিলোমিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যে কোনো সময় বেড়িবাঁধ ধসে যাবে। মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার জানান, প্রভাবশালী একদল অসাধু ব্যবসায়ী ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে এভাবে অবৈধ বালু উত্তোলন করলে সদর ইউনিয়নের পক্ষিয়া গ্রামসহ গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রাম এক দিন নদীগর্ভে নিশ্চিহ্ন হয়ে যাবে। সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদি জানান, এভাবে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে চরখালী, পক্ষিয়া ও বোয়ালিয়া গ্রাম দুই-এক মাসের মধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে যাবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ মো. রফিকুল ইসলাম জানান, বালু উত্তোলনকারীদের আরো সাগরের দিকে গিয়ে ডুবোচর এলাকায় বালু উত্তোলন করতে বলা হয়েছে।