ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিত্সক সংকটসহ নানা সমস্যায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগী

ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। এতে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জসিমউদ্দিন জানান, ৩১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক থাকার কথা ১৬ জন। তার মধ্যে কাগজে-কলমে আছেন ১১ জন। বাকি পদ দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। এরপরেও প্রেষণে রয়েছেন তিন জন। আট জন চিকিত্সক দিয়ে চালানো হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সা সেবা। এছাড়া কনসালট্যান্ট থাকার কথা চার জন, আছেন দুই জন। তার মধ্যে থেকে একজন রয়েছেন প্রেষণে। উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার থাকার কথা ৯ জন। আছেন চার জন। এদিকে অ্যাম্বুলেন্সের আছে, কিন্তু চালক নেই। আর এক্সরে মেশিন নষ্ট। প্রতিদিন চিকিত্সার জন্য শত শত রোগী ভিড় করে এখানে। কিন্তু চিকিত্সক সংকটসহ নানা সমস্যায় কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে সমস্যাগুলোর বিষয়ে এরই মধ্যে ওপরমহলে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।

শেরপুরের সিভিল সার্জন ডা. মো. আনোয়ারুর রউফ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে সমস্যা রয়েছে। চাহিদামাফিক সমস্যাগুলো সমাধানের জন্য আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।