করোনা ভাইরাসের সংক্রমণ রোধ

সামাজিক দূরত্ব সৃষ্টিতে দিনাজপুরে মাঠে প্রশাসন

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসন সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের নির্দেশ দিলেও তেমন মানছেন না দিনাজপুরবাসী। তবে করোনা সতর্কতায় সামাজিক দূরত্ব সৃষ্টিতে দিনাজপুরে প্রশাসন মাঠে নেমেছে। এদিকে সড়ক ও রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় রেল স্টেশন এবং বাস টার্মিনাল এলাকা জনশূন্য হয়ে পড়েছে। সড়কে মানুষের চলাচলও সীমিত। হোটেল-রেস্তোরাঁ, মার্কেট ও শপিংমলগুলো বন্ধ রয়েছে। দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম জানান, জেলার ১৩টি উপজেলায় সেনাবাহিনী কাজ শুরু করেছে। পাশাপাশি কাজ করছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নন্দীগ্রামে দূরত্ব বজায় রেখে ফার্মেসি ও মুদির দোকানে চলছে কেনাবেচা

নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা জানান, নন্দীগ্রামে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ও জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা সদরসহ বিভিন্ন বাজারে ওষুধ ফার্মেসি ও মুদির দোকানে ক্রেতা-বিক্রেতার দূরত্ব বজায় রেখে চলছে কেনাবেচা। ফার্মেসিগুলোতে ওষুধ কিনতে আসলে প্রথমে দোকানের বাইরে গোল চিহ্নিত নির্ধারিত স্থানে দাঁড়িয়ে দূরত্ব বজায় রেখে ক্রেতা-বিক্রেতার মধ্যে কথোপকথন হয়। এরপর ক্রেতাকে জীবাণুরোধক স্যানিটাইজার ব্যবহার করানোর পর তার হাতে তুলে দেওয়া হচ্ছে বিক্রিত ওষুধ। বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন নন্দীগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামাল হোসেন জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার শতাধিক ফার্মেসির মালিক ও কর্মচারীকে ক্রেতা-বিক্রেতার দূরত্ব বজায় রেখে কেনাবেচা করতে বলা হয়েছে।