বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান এক ব্যক্তি। তার লাশ দাফন করতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ এলাকাবাসী বাধা দেয়। অবশেষে এলাকাবাসীর বাধা উপেক্ষা করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) উপস্থিতিতে শনিবার রাত আটটার দিকে তার দাফন হয়।
ইউএনও আলমগীর কবির বলেন, লোকালয় থেকে বেশ দূরে পীরের মাজারের পাশে ঐ ব্যক্তিকে দাফন করার প্রস্তুতি নেওয়া হয়। কবর খুঁড়তে গেলে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবাউল হোসেন ও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি সমর্থিত সাবেক ইউপি সদস্য সুজাউদ্দোলাসহ বেশ কয়েকজন বাধা দেন। পরে এলাকাবাসীকে বুঝিয়ে এবং থানা থেকে পুলিশ নিয়ে রাত আটটার দিকে তার দাফন সম্পন্ন করা হয়। ইউএনও আরো বলেন, ঝুঁকি এড়াতে লাশ কবরে নামানো থেকে শুরু করে দাফন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তিন জন ব্যক্তিকেও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বগুড়ার সিভিল সার্জন গউসুল আজিম চৌধুরী বলেন, স্বাস্থ্য বিভাগের এক জন মেডিক্যাল টেকনিশিয়ানের মাধ্যমে অ্যাম্বুলেন্সে করে ঐ ব্যক্তির নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে।