মির্জাপুরে করোনা ভাইরাস সংক্রমণে জনসচেতনতামূলক প্রচারণা এবং বাজার মনিটরিংসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সিভিল প্রশাসনের সঙ্গে মাঠে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। রবিবার সেনাবাহিনীর ক্যাপ্টেন সাকিবের নেতৃত্বে সেনা সদস্যরা উপজেলা সদরসহ মির্জাপুর পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়নে সিভিল প্রশাসনের সঙ্গে জনসচেতনতামূলক প্রচারণায় অংশ নিয়ে জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তাঘাটে বের না হওয়ার জন্য মাইকিং করেছেন। এর আগেও সেনাবাহিনীর সদস্যগণ মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা টহল দিয়েছেন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানান, মির্জাপুরে কোনো এলাকায় করোনা ভাইরাস আক্রান্ত কোনো রোগী এখন পর্যন্ত পাওয়া যায়নি। সেনাবাহিনীর সদস্যদের টহলের অংশ হিসেবে সেনা সদস্যরা পুষ্টকামুরী, মির্জাপুর বাইপাস ও ভাবখণ্ড এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরত কয়েকজন প্রবাসির বাড়ি পরিদর্শন করেন।