বোরহানউদ্দিনে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব রক্ষার্থে সরকারি নির্দেশে সারাদেশের মতো বোরহানউদ্দিনের মানুষও এখন ঘরমুখী। ফলে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষসহ শ্রমিক শ্রেণি। কর্মহীন ও প্রতিবন্ধী এ সব মানুষ পড়ছে খাদ্য সংকটে। তাই বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া খাদ্যসামগ্রী তার গাড়িতে করে উপজেলার ঐ সব মানুষের ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছেন। শনিবার সন্ধ্যার পর থেকে রবিবার দুপুর পর্যন্ত তিনি এ কার্যক্রম চালান।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজী জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া এই সাহায্য ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নির্দেশনায় এবং ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অতি দরিদ্র পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়। প্রাথমিকভাবে ১ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল, পাঁচ কেজি আলু, এক কেজি মসুর ডাল ও এক কেজি লবণ বস্তায় প্যাকেট করে বিতরণ করা হয়। দুর্যোগ সময়কালীন পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।