আগামী ১লা এপ্রিল থেকে রাজশাহীতে করোনা ভাইরাস টেস্টের ল্যাব চালুর প্রস্তুতি চলছে। ঐদিন থেকেই রাজশাহী বিভাগে আক্রান্তদের করোনা টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে কিটস ও পলিমার চেইন রিঅ্যাকশন (পিসিআর) মেশিনসহ অন্যান্য সরঞ্জাম এসে পৌঁছেছে। রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাবে এই পিসিআর মেশিনটি বসানো হচ্ছে। মেশিনটির জন্য আলাদা চারটি কক্ষ বরাদ্দ নেওয়া হয়েছে।
রামেক অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, এ সপ্তাহের শেষের দিকে উদ্বোধনের প্রস্তুতি চলছে। এটি চালু হলে রাজশাহী বিভাগের সন্দেহভাজন রোগীদের করোনা টেস্ট হবে এখানেই।
অন্য দিকে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, পিসিআর মেশিন ছাড়াও হাসপাতালের চিকিত্সক ও ল্যাবরেটরির জন্য ১ হাজার পিপিই, ১ হাজার মাস্ক, ১ হাজার হ্যান্ড গ্লাভস ও পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজার এসেছে। এদিকে গত শনিবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা রামেকে করোনা ল্যাবে পিসিআর মেশিন স্থাপন পরিদর্শন করেন। এ সময় সাংসদ বাদশা বলেন, রাজশাহীতে করোনা রোগী পাওয়া গেলে তাদের চিকিত্সার জন্য রামেক হাসপাতালে চিকিত্সার জন্য প্রতিদিন ১ হাজার করে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) আনা হবে।
রাসিক মেয়র লিটন বলেন, আগামী ১ এপ্রিল থেকে রাজশাহীতেই করোনা শনাক্তের পরীক্ষা সম্ভব হবে। রাজশাহীকে নিরাপদ রাখতে আমরা সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছি।