বরিশালে যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকার নিজ বাসা থেকে শাওন সরদার নামে ঐ গৃহবধূর স্বামীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি নূরুল ইসলাম পিপিএম জানান, এ ঘটনায় স্ত্রী হ্যাপি বেগম বাদী হয়ে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে স্বামী শাওন সরদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তিনি জানান, হ্যাপিকে মাসের পর মাস যৌতুকের দাবিতে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল তার স্বামী শাওন। নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েক দফায় স্বামীকে কয়েক লাখ টাকা এনে দেয় হ্যাপি। সম্প্রতি ব্যবসার কথা বলে নতুন করে ১০ লাখ টাকা দাবি করে শাওন। ঐ টাকা দিতে না পারায় হ্যাপিকে মারধর করে একপর্যায়ে শুক্রবার তার মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়। এ ঘটনায় শনিবার মামলা হলে পুলিশ শাওনকে গ্রেফতার করে।