পরিবেশ ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগ বাড়াতে নতুন উদ্যোগ

দেশে পরিবেশ ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগ বৃদ্ধি ও সম্প্রসারণের লক্ষ্যে নতুন কর্মসূচি গ্রহণ করেছে জার্মানভিত্তিক আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান রুটস অব ইমপ্যাক্ট (আরওআই), দেশের ব্যবসায়িক পরামর্শক প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স (এলসিপি) ও সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক আর্থিক সহযোগী অ্যাজেন্সি—সুইস অ্যাজেন্সি অব ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি)। সম্প্রতি বাংলাদেশের স্ব স্ব প্রতিষ্ঠানের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে উদ্বোধনীর মাধ্যমে ‘বিনিয়োগ বৃদ্ধি’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এজন্য সুইস অ্যাজেন্সি অব ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) আগামী চার বছরে প্রায় ৭-৮ কোটি টাকা তহবিল গঠনের পরিকল্পনা করেছে। 

বি-বৃদ্ধি-স্কেলিং ইমপ্যাকট এন্টারপ্রাইজস অব বাংলাদেশের (বিনিয়োগ-বৃদ্ধি)’ শিরোনামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুইস অ্যাজেন্সি অব ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশনের সহযোগিতা উপপরিচালক ডেরেক জর্জ, রুটস অব ইমপ্যাক্ট (আরওআই)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেয়র্ন স্টু্রয়ার এবং লাইটক্যাসল পার্টনার্সয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন এসডিসির প্রোগ্রাম ম্যানেজার আমিনা চৌধুরী, আরওআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ম্যাক্সিম চাংসহ বেসরকারি খাতের উদ্যোক্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এই উদ্যোগ উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী, সহায়তা সংস্থা, বেসরকারি খাতের নীতিনির্ধারক ও গবেষকদের একটি প্লাটফর্ম, যাতে তথ্য জানার পাশাপাশি ও তারা নতুন উদ্যোগ সম্পর্কে জানতে পারবেন। এর ফলে প্রতিষ্ঠানসমূহ পরিবেশ ও সামাজিক ব্যবসা খাতে বিনিয়োগে উত্সাহী হবেন।