যমুনার কড়ালগ্রাসে গুরুত্বপূর্ণ আরিচা নদীবন্দরের স্পর্শকাতর একাংশ ক্রমেই বিলীন হচ্ছে। ড্রেজিংকৃত পলি দিয়ে ভাঙনরোধে প্রকল্প গ্রহণ করা হলেও তা তেমন কাজে আসছে না। ফলে অব্যাহত ভাঙনে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, আরিচাঘাট বরাবর যমুনায় অপর একটি ড্রেজারযোগে পলি কেটে নিজস্ব জায়গা ভরাটের জন্য ব্যবহার করা হচ্ছে। এতে নদীর গতিপথ পরিবর্তন হয়ে তীব্র স্রোত তীরে আঘাত হানছে।
শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান মো. আলাল উদ্দিন আলাল জানান, যমুনায় ভেঙে যাওয়া ঘাটের একাংশ রক্ষায় পলি ধরে রাখার জন্য স্থায়ী অবকাঠামো তৈরি না করায় ড্রেজারে কাটা পলি সহজেই স্রোতে বিলীন হচ্ছে। ফলে অপরিকল্পিত ড্রেজিং কোনো কাজে আসছে না।
মানিকগঞ্জ পানি উন্নয়ন উপবিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন জানান, আরিচাঘাট এলাকার ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত বর্ষা মৌসুমে ঘাট এলাকায় ভাঙনরোধে জিও ব্যাগ ফেলা হয়।