শিবচরের করোনা সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি ধনী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ছয় বারের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি। এর আগে তিনি মুঠোফোনে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে উপজেলার ১৯ ইউনিয়ন ও শিবচর পৌর এলাকার সর্বত্র হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী ও নিম্ন আয়ের মানুষদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য নির্দেশ দেন। মানবিক বিপর্যয়ের এ দিনে আপনারা যার যার অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ান এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন। এরপর থেকে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
রবিবার দুপুর থেকে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে শিবচরের মাঠে নেমেছে সেনাবাহিনী এবং শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিভিন্ন ওষুধ ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় দোকানের সামনে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য গোলবৃত্ত এঁকে দিয়েছেন। এছাড়া উপজেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসী ও স্বল্প আয়ের আরো ২ হাজার ২০০ পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্যদ্রব্য ও ওষুধ বরাদ্দ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে চিফ হুইপের তদারকির কৌশল হিসেবে প্রতি স্পটে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে স্থানীয় ও উপজেলা আওয়ামী লীগের নেতারা ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত থাকছেন। রবিবার সব ইউনিয়ন ও পৌরসভায় ২ হাজার ৬০০ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন হয়েছে। এ সময় খাবার সহায়তা বিতরণ কঠোর তদারকি করা হয়। এ পর্যন্ত চিফ হুইপের পক্ষ থেকে ৫ হাজারের বেশি পরিবারের মধ্যে খাবার ও ওষুধ সহায়তা প্রদান করা হয়।