হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে মাগুরা জেলা পরিষদ

করোনা প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে মাগুরা জেলা পরিষদ। এ পর্যন্ত তারা প্রতিটি ৫০ মিলি লিটার বোতলে ৩ হাজার ৫০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে। যা জেলার সাধারণ মানুষ, স্বাস্থ্য বিভাগ ও এ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদের মধ্যে সরবরাহ করা হচ্ছে।

রবিবার দুপুরে মাগুরা প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু জানান, চুয়াডাঙ্গা দর্শনার কেরু অ্যান্ড কোং কোম্পানির কাছ থেকে কাঁচামাল এনে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের গবেষণাগারে এটি তৈরি করা হচ্ছে। এই কাজে সর্বাত্মক সহযোগিতা করছে ঐ কলেজের রসায়ন বিভাগে ছাত্র-শিক্ষকেরা। গোটা কার্যক্রম পরিচালনা করছেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। তিনি আরো জানান, কাঁচামাল প্রাপ্তি সাপেক্ষে জেলার চাহিদা মোতাবেক যথাসম্ভব স্যানিটাইজার তৈরি করবেন তারা।

 এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান প্রমুখ।