দারুস সালামে এক নারী খুন

রাজধানীর দারুস সালাম এলাকার বাজারপাড়ার বাসায় নাদিরা বেগম (৩৭) নামে এক নারীকে মাথায় আঘাত করে খুন করা হয়েছে। শনিবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় তার স্বামী গাউস হোসেনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ফল বিক্রেতা গাউসের দুই স্ত্রীর মধ্যে নাদিরা দ্বিতীয় স্ত্রী। নাদিরা থাকতেন বাজারপাড়ার একটি ভাড়া বাসায়। শনিবার রাত সাড়ে ৯টার দিকে মাথায় রক্তাক্ত অবস্থায় নাদিরাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান গাউস। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নাদিরা তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। নাদিরার বাবার বাড়ি বাগেরহাটের কৃষ্ণনগরে। পুলিশের দারুস সালাম জোনের অতিরিক্ত উপ কমিশনার মাহমুদা আফরোজ লাকী বলেন, কে বা কারা ঐ নারীকে খুন করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে।