আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, করোনা ভাইরাস সংকট যতদিন থাকবে সরকারের গৃহীত স্বল্পমেয়াদি-দীর্ঘমেয়াদি কার্যক্রম সারাদেশে ততদিন অব্যাহত থাকবে। এ জন্য তিনি ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান। গতকাল রবিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি আরো বলেন, এই মানবিক বিপর্যয়ের মুখে করোনা ভাইরাস প্রতিরোধে আওয়ামী লীগের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি সারাদেশে চলমান রয়েছে। বিজ্ঞানসম্মত স্বাস্থ্যবিধি মেনেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ ও কর্মহীন খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
দেশের চলমান পরিস্থিতিতে কোনো ধরনের গুজবে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘অতীত ইতিহাস থেকে লক্ষ্য করা যায়, এ দেশের জনগণ সবসময় ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে সব ধরনের দুর্যোগ মোকাবিলা করেছে। কোনো দুর্যোগের কাছেই তারা পরাজিত হয়নি। আপনারা কোনো প্রকার গুজবে কান দেবেন না।’ তিনি বলেন, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সমাজের বিত্তবানদের আহ্বান জানাই, মানবিক বিপর্যয়ের এই দিনে আপনারা যার যার অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দিন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এদেশের জনগণের সুখ-দুঃখ আবেগকে ধারণ করেই রাজনীতি করে। বৈশ্বিক এই সংকট মোকাবিলায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক সব পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। গ্রহণ করছেন স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কর্মসূচি। যতদিন এই সংকট থাকবে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ততোদিন জনগণের পাশে থাকবে এবং সরকারের গৃহীত কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে।
ওবায়দুল কাদের বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধভাবে সতর্ক থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, করোনা ভাইরাসে সারাবিশ্ব মারাত্মক সংকটের মুখে। থমকে গেছে সব ধরনের স্বাভাবিক কার্যক্রম। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় মানব সভ্যতার অগ্রযাত্রা অবশ্যম্ভাবী। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পক্ষ থেকে সারাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ যারা জনগণের পাশে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বডুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।