আদালতে বিচারাধীন দুই মামলায় জামিনের পর রাতের আঁধারে সীমান্ত পথে ভারতে পালিয়েছেন প্রণব মণ্ডল। তার জামিনদার কথিত আত্মীয় ও ভারতীয় বিএসএফ পালাতে সহায়তার করেছে বলে অভিযোগ উঠেছে।
ওয়াকিবহাল জানা গেছে, ২৩ মার্চ দুই মামলায় জামিনের পর রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। ২৪ মার্চ রাতে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর সীমান্ত দিয়ে তিনি ভারতে পালিয়ে যান। জামিনের শর্তানুযায়ী, জামিনদার অথবা কথিত আত্মীয়ের বাড়িতে অবস্থানের বদলে পরদিন রাতের আঁধারে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। ২৫ মার্চ কাকমারী বিএসএফ ফাঁড়ির জওয়ানরা তাকে গাড়িতে করে পশ্চিমবঙ্গের জলঙ্গি থানার শিবচর গ্রামের বাড়িতে পৌঁছে দিয়েছে বলে সূত্র দাবি করেছে।
এদিকে প্রণব মণ্ডলের জামিন ও পালিয়ে যাওয়া সম্পর্কে রাজশাহীস্থ বিজিবির ১ নম্বর ব্যাটালিয়নের কর্তৃপক্ষ কিছুই জানেন না বলে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ। আদালতে মামলা বিচারাধীন থাকায় প্রণবের বাংলাদেশেই থাকার কথা।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন জানান, ১৭ মার্চ প্রণবের জামিনের আবেদন করেন আইনজীবী এন্তাজুল হক। ঐদিন একটি মামলায় তাকে জামিন দেওয়া হয়। অন্য মামলায়ও তিনি জামিন পান। চারঘাটের ইউসুফপুর গ্রামের নিতাই মণ্ডল আত্মীয় পরিচয় দিয়ে আদালতে হলফনামা দেন। তবে জামিননামায় স্বাক্ষর করেন চারঘাট উপজেলার ইউসুফপুর ইউপি সদস্য আব্দুর রহিম। জামিনের শর্তে তাকে বাংলাদেশে আত্মীয় বাড়িতে অবস্থানের কথা বলা হয়।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর পদ্মায় ইলিশ শিকারবিরোধী টাস্কফোর্সের অভিযানে অবৈধ অনুপ্রবেশ ও নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে আটক হন ভারতীয় জেলে প্রণব মন্ডল। তাকে বিজিবির নিকট থেকে ছিনিয়ে নিতে বিএসএফের বিজিবির ওপর গুলিবর্ষণ করে। পরে বিজিবির পালটা গুলিতে এক বিএসএফ সদস্য নিহত ও অপর দুইজন আহত হন। এনিয়ে বিজিবি-বিএসএফ উত্তেজনা ছড়িয়ে পড়ে।