সাবেক কাউন্সিলর ও দুই ছাত্রসহ সড়কে নিহত পাঁচ

সাবেক কাউন্সিলর ও দুই ছাত্রসহ সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

সাতক্ষীরা : সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ওষুধবাহী একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুল ও কলেজের দুই ছাত্র নিহত হয়েছেন। শনিবার রাতে পাটকেলঘাটা থানার কুমিরা মহিলা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, আরোহী পাটকেলঘাট থানার শাকদহ গ্রামের মাদার মন্ডলের ছেলে ও পাটকেলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আশিষ কুমার মন্ডল (১৭) এবং একই গ্রামের শিবপদ মন্ডলের ছেলে ও ইসলামকাটি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের একাদশ শ্রেণির ছাত্র মুকুন্দ কুমার মন্ডল (১৯)। 

সারিয়াকান্দি (বগুড়া): সারিয়াকান্দি পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ ফকির (৫২) রবিবার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। তিনি সারিয়াকান্দি পৌর এলাকার দক্ষিণ হিন্দুকান্দি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার গাবতলী উপজেলার দুর্গাহাটা হাট থেকে ভটভটিতে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হন তিনি।

জগন্নাথপুর (সুনামগঞ্জ): জগন্নাথপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিপন মিয়া (১৯) নামে একজন নিহত ও অপর আরোহী আহত হয়েছেন। গতকাল উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও  গ্রামের সুবর্ণকুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রিপন মিয়া নোয়াগাঁও গ্রামের আসকর আলীর ছেলে।

পাওয়ার ট্রিলার উলটে যুবকের মৃত্যু

হরিণাকুন্ডু (ঝিনাইদহ): হরিণাকুন্ডুতে গতকাল পাওয়ার ট্রিলার উলটে রফিকুল ইসলাম (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার ভালকী গ্রামের ইউনুস আলীর ছেলে।

বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার রংপুর ও মিঠাপুকুর : দুই নৈশকোচের সঙ্গে পেঁয়াজ ভর্তি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর সোনালী ব্যাংক সংলগ্ন এ দুর্ঘটনা ঘটে। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।