শিল্পকলা একাডেমি ‘বিজয়ের মহোত্সব ২০১৮’ শিরোনামে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন ছিল গতকাল। সেগুনবাগিচায় একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হয় শেষ দিনের আয়োজন। শুরুতে প্রামাণ্যচিত্র অপারেশন জ্যাকপট প্রদর্শিত হয়। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ হাসান ইমাম। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ এবং অভিনেতা জাহিদ হাসান।
একাডেমির নৃত্যদলের পরিবেশনা দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাঙামাটি এবং ত্রিপুরা জনগোষ্ঠীর লোকনৃত্য পরিবেশন করে অন্তর দেওয়ান পরিচালিত নৃত্যদল। ‘জাগো বাংলাদেশ..’ এবং ‘ও কি রূপ দেখি নয়ন ভরিলো..’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে নন্দন কলাকেন্দ্র। কৃপা সিন্ধু রায়-এর পরিচালনায় ঐতিহ্যবাহী লোকনাট্য কুশান যাত্রা পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন ছন্দা চক্রবর্তী, শফি মণ্ডল, তানভীর আলম সজীব ও বিউটি। আতাউর রহমান নির্দেশনায় সৈয়দ শামসুল হক অনূদিত উইলিয়াম শেক্সপিয়ার-এর ‘হ্যামলেট’ নাটকের অংশ বিশেষ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আতাউর রহমান নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুর-এর রক্তকরবী নাটকের অংশ বিশেষ পরিবেশন করে নাগরিক নাট্যসমপ্রদায়। এছাড়া একাডেমির অ্যাক্রোবেটিক দলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।