রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হওয়া এক শিশুসহ একই পরিবারের পাঁচ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গতকাল রবিবার রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে তাদের সেখানে পাঠানো হয়। গতকাল শনিবার রাতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল থেকে তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছিল। পরে করোনা সন্দেহে রবিবার দুপুরে অসুস্থ সবার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়।
রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় সাংবাদিকদের জানিয়েছেন, অসুস্থ সবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় রাতে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আইসোলেশন বিভাগে স্থানান্তর করা হয়েছে। সেখানে জেলা করোনা প্রতিরোধ কমিটির তত্ত্বাবধানে থাকবেন তারা। আইইডিসিআর থেকে প্রতিবেদন আসার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।