করোনাভাইরাসের প্রভাব

১১২তম জন্মদিনে বিশ্বের বয়স্কতম মানুষটি ঘরে একা

ব্রিটেনের হ্যাম্পশায়ার কাউন্টির অলটন শহরের ১১২ বছর বয়স্ক সাবেক শিক্ষক বব ওয়েটনকে বর্তমানে বিশ্বের বয়স্কতম মানুষ মনে করা হয়। জাপানের চিতেতসু ওয়াতানাবের মৃত্যুর পর গত মাসে ওয়েটনের ভাগ্যে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের খেতাবটি জোটে। ফলে এবার স্বজনদের নিয়ে বড়ো আকারে জন্মদিন পালনের আয়োজন করেছিলেন তিনি। কিন্তু করোনাভাইরাসের কারণে সব আয়োজন ভেস্তে গেছে।

জন্মদিনে তিনি গতকাল কেয়ারহোমে তার ছোট ঘরে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে। প্রেস এ্যাসোসিয়েশন সংবাদ সংস্থাকে তিনি বলেন, সবকিছু বাতিল, কেউ আসবেনা, কোনো উত্সব হবেনা। দুই বিশ্বযুদ্ধে বেঁচে যাওয়া বব ওয়েটন করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তার মতে, পুরোপুরি বোঝা যাচ্ছেনা এই ভাইরাস কতটা ভয়ংকর এবং বাঁচতে গেলে ঠিক কি করতে হবে। তিনি ব্রিটিশ রাজসিংহাসনে পাঁচজনকে বসতে দেখেছেন। ২২জন প্রধানমন্ত্রী দেখেছেন, দেখেছেন ২১ জন মার্কিন প্রেসিডেন্ট। দুটো বিশ্বযুদ্ধই তার চোখের সামনে হয়েছে। স্প্যানিশ ফ্লু, কলেরা এবং গুটি বসন্তের মতো ভয়াবহ মহামারি থেকে রক্ষা পেয়েছেন। দুর্ভাগ্য যে করোনাভাইরাসের কারণে ১১২ তম জন্মদিনে এই প্রিয়জনদের সান্নিধ্য বৃদ্ধ এই মানুষটির কপালে জুটলোনা। -বিবিসি