সরকারি ছুটিতে বন্দরে শিল্পের কাঁচামাল খালাস করা যাবে

ইত্তেফাক রিপোর্ট

চলমান সরকারি ছুটি চলাকালীন দেশের বিভিন্ন কাস্টমস হাউজের মাধ্যমে এতদিন ধরে সীমিত পরিসরে কার্যক্রম চলমান ছিল। এর আওতায় কেবল আমদানিকৃত নিত্য প্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিত্সা ও অন্যান্য সেবাসামগ্রী শুল্কায়নের মাধ্যমে খালাস করার সুযোগ ছিল। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ কার্যক্রম আরো বিস্তৃত করেছে। এখন থেকে আমদানিকৃত শিল্পের কাঁচামাল এবং সরকারি, বেসরকরি ও স্বায়ত্তশাসিত সংস্থার আমদানিকৃত পণ্যও শুল্কায়ন করে খালাস করা যাবে। গতকাল এনবিআরের শুল্ক বিভাগ এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।  সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সীমিত পরিসরে পণ্য শুল্কায়নের ফলে অনেক শিল্পের কাঁচামালসহ প্রয়োজনীয় পণ্য খালাস করা যাচ্ছিল না। এ অবস্থায় বন্দরেও পণ্যের জট তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে এনবিআর এ আদেশ জারি করল। এনবিআরের শুল্ক বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, সরকারি ছুটিতে শুল্কায়ন কার্যক্রম সীমিত পরিসরে চললেও শিল্পের কাঁচামালসহ আরো কিছু সংস্থার আমদানি পণ্যও শুল্কায়ন হবে। এতদিন এসব পণ্য ও কাঁচামাল শুল্কায়ন কার্যক্রমের আওতার বাইরে ছিল।