বার্সায় ফিরতে চান জাভি

স্পোর্টস ডেস্ক

সাবেক বার্সেলোনা অধিনায়ক ও কোচ ইয়োহান ক্রুইফ বহু আগেই জাভির ম্যাচ পড়ার ক্ষমতাটা বুঝতে পেরে ভবিষ্যদ্বাণী করেছিলেন, এক দিন এই ছেলেটা বার্সার কোচ হবে। এবার পূর্বসূরির ভবিষ্যদ্বাণীকে আংশিক সত্যি করে বার্সার কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

সম্প্রতি লা ভ্যানগার্ডিয়াকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এটা পরিষ্কার যে, আমি বার্সেলোনায় ফিরতে চাই। আমি দারুণ রোমাঞ্চিত।’ তবে বার্সেলোনায় নতুন এক প্রকল্প নিয়েই ফিরতে চান বলে জানালেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। জাভির ভাষ্য, ‘আমি তাদের পরিষ্কার জানিয়েছি যে, আমি নিজেকে এমন এক প্রকল্পে দেখতে চাই যার শুরু হবে শূন্য থেকে। যাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা কেবল আমারই থাকবে।’

জানুয়ারিতে ভালভার্দের পদচ্যুতির সময়ে তাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল কাতালানরা। তবে ঠিক সময় নয় বলে সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন জাভি। তবে সাবেক বার্সা মিডফিল্ডার জানান, সে সিদ্ধান্তে কোনো আফসোস নেই তার। তিনি বলেন, ‘আমার কোনো সমস্যা নেই। আমি লুকাব না। একে ফিরিয়ে নিতেও চাই না। আমি এমন সব মানুষের সঙ্গে কাজ করতে চাই যাদের ওপর আমার আত্মবিশ্বাসটা থাকবে। যারা অনুগত থাকবে। ড্রেসিংরুমের আশেপাশে কোনো বিষাক্ত লোক থাকতে পারবে না।’