জাতীয় পার্টি জেপি’র প্রেসিডিয়াম সদস্য, দৈনিক ইত্তেফাক সম্পাদক, পাক্ষিক অনন্যা’র প্রকাশক-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তাসমিমা হোসেন বলেছেন, ‘আগামী ৩০ ডিসেম্বর সংসদ নির্বাচনে নারীদের অধিকার নিশ্চিত করতে সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে হবে। দেশে নারী অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানকে সম্মান জানাতে এবং স্বীকৃতি দিতে দলে দলে নারীরা ভোট কেন্দ্রে যাবেন। পাশাপাশি দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে আনোয়ার হোসেন মঞ্জুর ভূমিকার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শনস্বরূপ তাকে পিরোজপুর-২ আসনে বাইসাইকেল মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য পদে আবারও বিজয়ী করতে হবে।’
গতকাল বৃহস্পতিবার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার বিভিন্ন গ্রামে পিরোজপুর-২ আসনে ১৪ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র সংসদ সদস্য প্রার্থিতার পক্ষে কয়েকটি নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তাসমিমা হোসেন আরো বলেন, ‘দক্ষিণাঞ্চলের মানুষ একসময় অবহেলিত ছিলেন। ৩৪ বছর আগে আনোয়ার হোসেন মঞ্জু মন্ত্রী হয়ে এবং ১৯৮৬ সাল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এখানকার মানুষের জন্য আত্মনিয়োগ করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত বিভিন্ন সরকারে থেকে এ এলাকার বিদ্যুত্, সড়ক যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য, বিশুদ্ধ পানির ব্যবস্থা, কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন জনিত ক্ষতির অভিযোজন, নদী ভাঙন রোধে বেড়িবাঁধ নির্মাণসহ মানুষের প্রয়োজনীয় চাহিদা পূরণ ও অধিকার প্রতিষ্ঠায় তিনি অবদান রেখে আসছেন। এর সুফল সাধারণ মানুষ ভোগ করছেন। পাশাপাশি, সামাজিক অগ্রগতিতে নারীদের অংশগ্রহণকে প্রাধান্য দিচ্ছেন। আমি যখন ১৯৯৬ সালে পিরোজপুর-আসনে সংসদ সদস্য ছিলাম, তখন ভাণ্ডারিয়া-কাউখালীর নারীদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করি। সেগুলো অব্যাহত রেখে আগামীতে আরো বেগবান করা দরকার। সে কারণে বাংলাদেশের নারী উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা এবং বাংলাদেশ ও বঙ্গবন্ধুর স্থান আমাদের হূদয়ে। এ বিশ্বাসকে ধারণ করে আমাদের চলতে হবে। সবাই এক সাথে চললে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। সাথে আমাদের দক্ষিণাঞ্চল তথা ভাণ্ডারিয়া-কাউখালী-ইন্দুরকানীকে আরো সমৃদ্ধশালী করতে আনোয়ার হোসেন মঞ্জুকে বাইসাইকেল মার্কায় ভোট দিয়ে আবারও সংসদে পাঠাতে হবে।’
গতকাল বৃহস্পতিবার ভাণ্ডারিয়ার গৌরিপুর ইউনিয়নের রাধানগর গ্রামে অনুষ্ঠিত প্রথম উঠান বৈঠকে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী। এরপর দুপুরে ভাণ্ডারিয়া পৌর এলাকার গাজীপুরের উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পৌর কাউন্সিলর ফাতিমা বেগম। এর পরে ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামে ইউপি সদস্য শাহনাজ আক্তারের সভাপতিত্বে উঠান বৈঠক হয়। ধাওয়া গ্রামে পিরোজপুর জেলা পরিষদের মহিলা সদস্য রোকেয়া বেগমের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাসমিমা হোসেন। পরে তিনি ধাওয়া আনোয়ার হোসেন মঞ্জু আদর্শ ক্লাবে মো. হারুন অর রশিদের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় যোগ দেন। এ ছাড়া, তিনি একই এলাকায় মাজেদা স্মৃতি ক্লাবে সদস্যদের সাথে নির্বাচনী গণসংযোগ করেন। তাসমিমা হোসেন-এর নির্বাচনী গণসংযোগকালে তার সাথে ছিলেন ভাণ্ডারিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় মহিলা পার্টি জেপি’র সভাপতি আসমা আক্তার, সাধারণ সম্পাদক হাসিনা বেগম, উপজেলা পরিষদ সদস্য জেপি নেত্রী সালমা বেগম, গৌরিপুর ইউপি সদস্যা মাহিনুর রুবি, পৌর কাউন্সিলর বেবী বেগম, জেপি নেত্রী আভারাণী প্রমুখ।