নাসিরনগরে হাট-বাজারগুলোতে কমছে না মানুষের উপস্থিতি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

নাসিরনগরে সাপ্তাহিক ও দৈনিক বাজারগুলোতে কমছে না মানুষের উপস্থিতি। করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখছে না তারা। রবিবার নাসিরনগর উপজেলার বিভিন্ন হাট-বাজারগুলোতে এমন চিত্র দেখা গেছে। যদিও উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসন প্রতিনিয়ত গ্রাম পর্যায়ের হাট-বাজারগুলোতে গিয়ে মানুষকে সচেতন করতে নিয়মিত প্রচারণাসহ অকারণে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করছে। চালানো হচ্ছে বিভিন্ন ধরনের প্রচারণা। তারপরও গ্রামপর্যায়ের এসব মানুষজন হাট-বাজারগুলোতে সমাবেত হচ্ছে। সরেজমিনে উপজেলা বেশ কয়েকটি বাজারে গিয়ে মানুষের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। উল্টো প্রশাসনের অভিযানের সময় মানুষজন কমলেও পুনরায় আবার ভিড় জমছে বাজারগুলোতে। হাটবাজার সংশ্লিষ্টরা বলছেন, লকডাউন করা ছাড়া মানুষের সমাগম বন্ধ করা সম্ভব নয়।

এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী জানান, হাটবাজারে যাতে মানুষজনের সমাগত না হয় আমরা উপজেলা প্রশাসন, থানা পুলিশ নিয়ে প্রতিদিন মনিটরিং করছি। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের অনুরোধ করার তারপরও মানুষজন নির্দেশনা মানছেন না তা খুবই দুঃখজনক।