ইত্তেফাক রিপোর্ট
সম্প্রতি রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহ এলাকায় হাম রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় তিনটি পাহাড়ি এলাকার আট জন ত্রিপুরা শিশু প্রাণ হারায়। দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন এ সব এলাকায় চিকিত্সা সহায়তা প্রদানের জন্য বেসামরিক কর্তৃপক্ষের পক্ষ থেকে সেনাবাহিনীকে অনুরোধ করা হলে তাত্ক্ষণিকভাবে সেনাবাহিনী গত ২৪ মার্চ সামরিক ও বেসামরিক চিকিত্সকদের সমন্বয়ে গঠিত একটি চিকিত্সক দল বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে শিয়ালদহ এলাকায় প্রেরণ করে। চিকিত্সক দলটি গত ২৪-২৮ মার্চ পর্যন্ত নিরলসভাবে চিকিত্সাসেবা প্রদান করে ১৭১ জন শিশুসহ সর্বমোট ২০২ রোগীকে চিকিত্সার পাশাপাশি মানবিক সহায়তা প্রদান করে। একই সঙ্গে উক্ত এলাকায় একই পরিবারের অপুষ্টিজনিত রোগসহ নিউমোনিয়ায় আক্রান্ত পাঁচ জন শিশুর জীবন বাঁচাতে গত ২৫ মার্চ সেনাবাহিনীর বিশেষ ব্যবস্থাপনায় বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে আক্রান্ত শিশুরা সম্পূর্ণ আশঙ্কামুক্ত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটির দুর্গম এলাকায় চিকিত্সা সহায়তা প্রদানের মাধ্যমে সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।