ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
অপ্রয়োজনে রাস্তায় ঘুরে বেরানোর ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও অনেকেই তা মানছে না। আর প্রশাসনের জিপ, পিকআপসহ গাড়ি দেখলেই দৌড়ে যে যার ঘরে চলে যাচ্ছে। এ দৃশ্য নিয়মিত দেখা যায় ঈশ্বরদীর অলি-গলিতে। এ অবস্থায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান।
তাকে দেখে জনৈক পথচারী ভয়ে ভয়ে বললেন ‘স্যার আমি কিছু করি নাই। কাজ-কাম নাই। ঘর থেকে বাইর হই না। বাড়ির সামনেই দাঁড়াইছিলাম।’ সহায়তা পেয়ে রিকশাচালক ইদ্রিস মিয়া বলেন, ‘তিন দিন ধরে কোনো কামাই রোজগার নাই। সবকিছু বন্ধ। হাতে কয়েকটা টাকা আছিল, তাও শেষ। খুব চিন্তার মধ্যে আছিলাম। ইউএনও সাবের চাল পাইয়া মনে খুব শান্তি পাইলাম। দুইবেলা কইরা খাইলে ৫-৬ দিন চইলা যাবো। ইউএনও শিহাব রায়হান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান ও লোকসমাগম বন্ধ থাকায় নিম্নআয়ের মানুষরা কর্মহীন হয়ে পড়েছেন। সরকারের পক্ষ থেকে দরিদ্র মানুষের মধ্যে এসব খাদ্য বিতরণ শুরু করেছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।’