মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
সরকারি নির্দেশ অমান্য করে মির্জাপুরে বিভিন্ন হাটবাজারে জনসমাগম হচ্ছে। জনসমাগম হওয়ায় বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি। সোমবার উপজেলার কয়েকটি হাটবাজার ঘুরে জনসমাগম দেখা গেছে।
জানা গেছে, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ জনসচেতনতামূলক কার্যক্রম ব্যাপকহারে চালিয়ে যাচ্ছেন। উপজেলা সদরে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় মুদি দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও সদরের বাহিরে মহেড়া, জামুর্কি, ফতেপুর, বানাইল, আনাইতারা, ওয়ার্শি, ভাদগ্রাম, ভাওড়া, বহুরিয়া, গোড়াই, লতিফপুর, আজগানা, তরফপুর ও বাঁশতৈল ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে সরকারি জনসচেতনতামূলক নির্দেশ বাস্তবায়িত হচ্ছে না বলে খোঁজ নিয়ে জানা গেছে। জনসমাগম হওয়ায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, এখনো কিছু কিছু মানুষের মধ্যে জনসচেতনতার অভাব রয়েছে। জনসমাগম না করার জন্য ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছেন।