সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে মধু আহরণ!

তিন নৌকা জব্দ

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সুন্দরবনে জেলেরা কাঁকড়া ধরার অনুমতি নিয়ে বেআইনিভাবে মধু আহরণ করছে। সোমবার ভোরে মধু আহরণের সময় সুন্দরবনের জলঘাটা এলাকা থেকে তিনটি নৌকা ও মধু জব্দ করেছে পশ্চিম বন বিভাগের স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা। তবে অভিযানের সময় স্মার্ট প্যাট্রল টিমের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। স্মার্ট প্যাট্রল টিমের দলপতি এসও দেওয়ান মিজানুর রহমান জানান, চার-পাঁচ জনের একটি জেলের দল সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমোদন নিয়ে জলঘাটা এলাকায় মধু আহরণ করার খবর গোপনে জানতে পারেন। এ সময় জেলেরা মালামাল ফেলে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তিনটি নৌকা, ২৭ কেজি মধু ও ড্রামসহ আনুষঙ্গিক জিনিসপত্র উদ্ধার করে কাছিকাটা বন অফিসে হস্তান্তর করা হয়।

সাতক্ষীরা সহকারী বন-সংরক্ষক (এসিএফ) এম এ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, কতিপয় অসাধু জেলে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করে এবং সুযোগ বুঝে বেআইনিভাবে মধু আহরণ করে। আগামীকাল ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু হবে। এ সময় মৌয়ালরা বৈধ পাশ নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে পারবেন।