ভূঞাপুরে ইউএনও এসিল্যান্ড ছাড়া সরকারি অফিসগুলোতে তালা!

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

করোনা ভাইরাসের কারণে সরকারি ছুটি ঘোষণা করা হলেও জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নিজ কর্মস্থলে থাকতে নির্দেশনা দিয়েছে মন্ত্রী পরিষদ ও জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু সেই নির্দেশনা না মেনে ইউএনও ও এসিল্যান্ড ছাড়া উপজেলার সরকারি কর্মকর্তারা অফিসে তালা ঝুলিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।

সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা শাখার সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত বলেন, দেশের এই মহাক্রান্তি দুর্যোগে সরকারি কর্মকর্তাদের সরকারি নির্দেশনা মেনে কর্মস্থলে থেকে জনগণের জন্য কাজ করা দরকার। শুধুমাত্র ইউএনও এবং এসিল্যান্ড পুরো উপজেলায় কাজ করা সম্ভব নয়। উপজেলা পরিসংখ্যান অফিসার জাহিদুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে কর্মকর্তাদের বাসায় থাকতে বলা হয়েছে। কর্মস্থলে থাকা বা অফিস খোলা রাখার কোনো কথা বলা হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নাসরীন পারভীন বলেন, করোনা ভাইরাসের কারণে সরকার ছুটি ঘোষণা করলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্মস্থলে থেকে সহযোগিতা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।